
বিশালগড় ও সোনামুড়া মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ
অনলাইন ডেস্ক, ১৩ অগাস্ট, ২০২৪: সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা পর্যন্ত জনসাধারণের চলাফেরায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সিপাহীজলা জেলার জেলাশাসক বিএনএসএসএ’র ১৬৩ ধারায় এক আদেশে আজ থেকে এই বিধিনিষেধ আরোপ করেছেন। আগামী ১২ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর হবে।
জেলাশাসক আদেশে জানিয়েছেন আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত মিলিটারি/ প্যারামিলিটারি এবং রাজ্য পুলিশের কর্মীদের ক্ষেত্রে, সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকের অনুমতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, জরুরী অফিসের কাজে নিযুক্ত সরকারি কর্মচারির ক্ষেত্রে, এখনই চিকিৎসার প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় রয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







